Wednesday 22 April 2026

2026-02-06 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৬ ফেব্রুয়ারি: প্রাথমিক শিক্ষায় বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের উপযুক্ত শিক্ষার সুযোগ আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্পেশ্যাল এডুকেটর নিয়োগের লক্ষ্যে টেট পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি, রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পর্ষদ সূত্রে জানা গেছে, রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। এই পরীক্ষায় মোট ৩,১৩১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ২,৩০৮টি শূন্যপদে স্পেশ্যাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের আরসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিএলএড স্পেশাল কোর্স সম্পন্ন করা এবং ছ’মাসের প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক। টেট পরীক্ষায় ৮০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ ও পড়ানোর দক্ষতা মূল্যায়নের জন্য থাকবে আরও ২০ নম্বর। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
