Saturday 6 December 2025

2025-05-05 | রাজ্য,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৫ মে: তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিয়ে প্রায় ১৫০টি পরিবার বিজেপিতে যোগ দিলেন। রবিবার বিজেপির আয়োজিত এক যোগদান কর্মসূচিতে বিধায়ক মনোজ টিগ্গার হাত ধরে তাঁরা বিজেপির পতাকা তুলে নেন।
ফলে ডুয়ার্সের রাজনীতিতে বড়সড় পালাবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে চা শ্রমিকদের অভিযোগ, তৃণমূল দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিলেও ডুয়ার্সের চা বাগানগুলিতে মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা, আবাসন ও শিক্ষা-সহ মৌলিক সমস্যা এখনও রয়ে গিয়েছে। উন্নয়নের কোনও দিশা না পেয়ে তারা শাসকদলের প্রতি আস্থা হারিয়ে বিজেপিকে বেছে নিয়েছেন বলে জানান নতুন যোগদানকারীরা।
এই ব্যাপক দলবদলের ফলে রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলিতে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত হলেও, এই ধরনের গণযোগদান আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরের কাছে বড় বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
বিধায়ক মনোজ টিগ্গা বলেন, “তৃণমূল চা শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে কিছুই দেয়নি। মানুষ বুঝে গেছেন, উন্নয়নের জন্য বিজেপিই একমাত্র ভরসা।
এদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই দলত্যাগকে গুরুত্ব না দিয়ে বলেছে, “এটি সাময়িক অসন্তোষ। মানুষ আবার ফিরবেন উন্নয়নের পথে।”
ডুয়ার্সের রাজনীতিতে এই পরিবর্তন আগামী দিনে আরও উত্তাপ ছড়াতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
