Tuesday 13 January 2026

2025-04-20 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২০ এপ্রিল: কোচবিহার জেলার দিনহাটার শালমারা বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। গ্রেফতার হওয়া যুবকের নাম সাহিন আলি (২২), তিনি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার পাগলাবাড়ি গ্রামের বাসিন্দা। শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ শালমারা বাজারে স্থানীয় বাসিন্দারা সাহিনকে অপরিচিত হিসেবে দেখতে পান। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তখন সাহিন নিজেকে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন। এরপর রবিবার সকালে স্থানীয়দের তৎপরতায় পুলিশ তাকে আটক করে। জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য জানান, দীঘলটারী সীমান্তে কাঁটাতারের অভাবে সাহিন অনিচ্ছাকৃতভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন বলে দাবি করেছেন। সাহেবগঞ্জ থানায় বিএসএফের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তবে অন্যদিকে সামনে এসেছে আরও বড়ো এক চাঞ্চল্যকর তথ্য। গত বুধবার পশ্চিম শীতলকুচি সীমান্ত থেকে উকিল বর্মন নামে এক ভারতীয় কৃষককে অপহরণ করে বাংলাদেশের ভেতরে নিয়ে যায় কিছু দুর্বৃত্ত। পরবর্তীতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (BGB) তাকে উদ্ধার করে এবং হাতীবান্ধা থানার পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, হাতীবান্ধা থানা উকিল বর্মনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগ এনে তাকে লালমনিরহাট আদালতে পেশ করে। আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। এই দুই বিপরীতমুখী ঘটনার জেরে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাচ্ছেন। রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা – আদানপ্রদান, না কি প্রতিশোধ? প্রশ্ন উঠছে – সীমান্তে নজরদারির ঘাটতি, না কি উদ্দেশ্যপ্রণোদিত প্রতিক্রিয়া?
