Saturday 6 December 2025

2025-11-19 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৯ নভেম্বর: বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার মাঝেই মহিলা বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালবাজারে। বুধবার সকালে রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্লেনকো চা বাগানে অঙ্গনওয়াড়ি কর্মী ও বুথ লেভেল অফিসার শান্তিমুনি এক্কার (৪৮) দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপে তিনি আত্মঘাতী হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠোনে শান্তিমুনির ঝুলন্ত দেহ দেখে পরিবারের সদস্যরা চিৎকার করে ওঠেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং মালবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
পরিবারের দাবি, হিন্দি মাধ্যমে পড়াশোনা করায় বাংলা পড়া-লেখায় সমস্যা হত শান্তিমুনির। তবুও তাঁকে বিএলও-র বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রতিদিনই কাজের অতিরিক্ত চাপ নিয়ে বাড়ি ফিরতেন তিনি। সাম্প্রতিক দিনগুলোতে কান্নায় ভেঙে পড়তেন বলেও জানিয়েছে পরিবার। একাধিকবার তাঁর অব্যাহতি চাইলেও আবেদন গ্রহণ করা হয়নি বলে পরিবারের অভিযোগ।
ঘটনার খবর পেয়ে এদিন মৃতার বাড়িতে পৌঁছন মালের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী বুলু চিকবড়াইক। তিনি জানান, “এসআইআর আতঙ্কে ইতিমধ্যেই বহু মানুষ আত্মঘাতী হয়েছেন। এবার কাজের চাপে একজন বিএলও-র মৃত্যু। এর দায় নির্বাচন কমিশনের।”
ব্লক কর্তারা মৃতার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।
