Saturday 6 December 2025

2025-11-22 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২২ নভেম্বর: দিনহাটায় সাধারণ মানুষের SIR ফর্ম সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে মাঠে নামলেন মন্ত্রী উদয়ন গুহের পুত্র ও কোচবিহার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সায়ন্তন গুহ। শনিবার দুপুরে শহরের ২ নম্বর ওয়ার্ডসহ একাধিক এলাকায় দলীয় সহায়তা কেন্দ্রে হাজির হয়ে তিনি নিজে হাতে বহু নাগরিকের এনুমারেশন ফর্ম পূরণ করেন।
ফর্ম নিয়ে নানা প্রশ্ন ও আশঙ্কা থাকা মানুষদের একে একে ডেকে তিনি সহায়তা করেন। তাঁর এই সরাসরি উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা দুটোই বেড়েছে। উপস্থিত বহু মানুষ জানান, নেতৃত্বের এমন ভূমিকা তাঁদের দুশ্চিন্তা অনেকটাই কমিয়েছে।
রাজ্যজুড়ে SIR ফর্ম নিয়ে সাম্প্রতিক বিভ্রান্তির প্রেক্ষিতে তৃণমূলের তরফে ওয়ার্ডভিত্তিক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সায়ন্তন বলেন, “ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়েছে, তাই আমরা চাই মানুষ আতঙ্কমুক্তভাবে ফর্ম পূরণ করুন। এটা শুধু দলের কাজ নয়, মানুষের প্রতি আমাদের দায়িত্ব।”
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব ও যুব তৃণমূল কর্মীরা। দলীয় সূত্রে খবর, আগামী কয়েকদিন দিনহাটার সমস্ত সহায়তা কেন্দ্র প্রতিদিনই খোলা থাকবে, যাতে সবাই নির্বিঘ্নে SIR ফর্ম জমা করতে পারেন।
