Wednesday 22 April 2026

2025-11-30 | কোচবিহার,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৩০ নভেম্বরঃ রাজ্যজুড়ে SIR–এর উত্তেজনার মধ্যেই কোচবিহারের রাজনৈতিক আবহ আরও গরম হতে চলেছে। আগামী ৯ ডিসেম্বর কোচবিহারের রাসমেলার মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবরটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি জানিয়েছেন, এবারের রাসমেলা জনসভাকে “ঐতিহাসিক” করে তুলতেই প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে সভা।
এর আগে ৩ ডিসেম্বর গাজোল কলেজ মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। একের পর এক জেলায় তৃণমূলনেত্রীর সভা স্পষ্ট করে দিচ্ছে—বিধানসভা নির্বাচনের আগে ঘুঁটি সাজাতে চান তিনি নিজেই।
কোচবিহার জেলায় সংগঠনে নতুন উদ্যম আনতেই এবার জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। জেলা জুড়ে ফাঁকফোকর বুজিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে মরিয়া নেতৃত্ব। অন্যদিকে, পিছিয়ে নেই বিজেপিও—SIR প্রক্রিয়া কী প্রভাব ফেলবে সীমান্তবর্তী কোচবিহারের রাজনীতিতে, তা নিয়ে রাজনৈতিক মহলে চরম কৌতূহল।
রাজ্যজুড়ে SIR–এর চাপ ও বিতর্ক চললেও, মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে কোচবিহারের তৃণমূল কর্মীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দলের মতে—মুখ্যমন্ত্রীর উপস্থিতি সংগঠনে “নতুন প্রাণ” দেবে।
