Monday 8 June 2026

2026-01-10 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১০ জানুয়ারি: শনিবার বিকেলে কোচবিহারের দিনহাটা দুই নম্বর ব্লকের কূর্শাহাট সীমান্ত এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিএসএফ ক্যাম্প সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুকুরে দেহটি ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে দিনহাটা থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তির গলায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি কীভাবে ওই এলাকায় এলেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং মৃত্যুর প্রকৃত কারণ কী—এই সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
