Wednesday 22 April 2026

2026-02-11 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১১ ফেব্রুয়ারি: ফের রক্তাক্ত ৩১ নম্বর জাতীয় সড়ক। মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা নেতা লুৎফর রহমানের। তিনি জলপাইগুড়ি সদর ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন।
জানা গিয়েছে, রাতে বাইকে করে মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন লুৎফর রহমান। সেই সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক বা কন্টেইনার সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ধাক্কার পর ঘাতক গাড়িটি বাইকটিকে বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় লুৎফর রহমানের।
এই দুর্ঘটনায় তাঁর কন্যা গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁকে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক মহলেও গভীর শোক ও ক্ষোভের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
